ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য নতুন হামলার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন তিনি।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত জুন মাসে ইরানের পারমাণবিক কারখানাগুলোতে হামলা চালায়।
তবে ইরান এ দাবিকে বারবার প্রত্যাখ্যান করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিয়মিত ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে কথিত পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা দেখিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তা ভয়াবহ রকমের প্রচ্ছন্নতার উদাহরণ।’
তিনি আরো বলেন, ‘বিশ্ব পরিমণ্ডলে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা যেন স্বাভাবিক বা নিয়মিত ঘটনা হয়ে না দাঁড়ায়।
এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা বা ন্যায়সংগত বলা যায় না।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে মস্কো। এ বছর ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারির চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া।
জাখারোভা জানিয়েছেন, তেহরান ও জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করতে হলে টেকসই শান্তিপূর্ণ সমাধান ও ইরানে নতুন হামলা না চালানোর প্রতিশ্রুতি নিশ্চিত করা জরুরি।