গুলিস্তানের কাপ্তানবাজারে বাসচাপায় নারী নিহত

রাজধানীর গুলিস্তান কাপ্তানবাজারে বাসচাপায় অজ্ঞাতনামা নারী (৪০) নিহত হয়েছেন। তার পরনে ছিল কালো রঙের বোরকা। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

 

হাসপাতালে বাসের হেলপার মো. জীবন জানান, তিনি গাউছিয়া এক্সপ্রেস বাসের হেলপার। বেলা ১১টার দিকে গাউছিয়া থেকে যাত্রী নিয়ে কাপ্তানবাজার এলাকায় আসেন। বাসচালক আকাশ তাকে চালকের আসনে বসিয়ে রেখে নিজে বাইরে যান। যাওয়ার সময় জীবনকে বলে যান, ট্রাফিক সার্জেন্ট বাসের কাছে এলে বাস দ্রুত সরিয়ে নিয়ে যেতে।

 

জীবন আরও বলেন, এর কিছুক্ষণ পর ট্রাফিক সার্জেন্টকে আসতে দেখে তিনি নিজে দ্রুত বাস চালিয়ে যাওয়ার সময় ওই নারী বাসের সামনে চলে আসেন। তখনই এ দুর্ঘটনা ঘটে।