জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, জুলাই প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে।
আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘২৪-এর জুলাইয়ে আমাদের তরুণরা রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়।’
‘মাতৃভূমি অথবা মৃত্যু–সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে’, যোগ করেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দিয়ে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।