প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সাবেক তারকা মার্কো ভেরাত্তি জানিয়েছেন, এক অবিস্মরণীয় ডিনার থেকেই শুরু হয়েছিল লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার গল্প।
টানা ১১ মৌসুমে ৪১৬ ম্যাচ খেলা ইতালিয়ান এই মিডফিল্ডার বর্তমানে কাতারের আল দুহাইলে খেলছেন। ইতালিয়ান দৈনিক ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভেরাত্তি তুলে ধরেন সেই স্মৃতি।
তার ভাষায়, ‘আমরা ইবিজায় ছিলাম।
নেইমার এসে বলল, আজ রাতে মেসির সঙ্গে ডিনার করব। টেবিলে আমি, মেসি, নেইমার, পারেদেস আর দি মারিয়া। আড্ডা জমে গিয়েছিল, আর মজার ছলেই আমরা ওকে (মেসি) প্যারিসে আসার জন্য বোঝাচ্ছিলাম।’
ভেরাত্তি জানান, সেই রাতের পরদিনই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে মেসি ও বার্সেলোনার সম্পর্কের টানাপড়েনের খবর।
কয়েক দিনের মধ্যেই বদলে যায় সবকিছু।
“একদিন নেইমার ফোন করে বলল, ‘মার্কো, লিও আমাদের কাছে আসছে।’ অবিশ্বাস্য! সেদিনই আমরা একসঙ্গে ডিনার করেছিলাম, আর হঠাৎ আমরা হয়ে গেলাম সতীর্থ। সত্যিই সেটা ছিল এক জাদুকরী রাত,”—বলেছেন ভেরাত্তি।