১ বছরে ১০ হাজার কোটি টাকার আপেল-মাল্টা খেল বাংলাদেশের মানুষ

ফলের দোকানে বছরজুড়েই পাওয়া যায় আপেল ও মাল্টা। এই বিদেশি ফল দুটির স্বাদ নিতে খরচ বেড়েছে ক্রেতাদের। গত অর্থবছর ফল দুটির পেছনে বাংলাদেশের মানুষের খরচের পরিমাণ ১০ হাজার কোটি টাকার কাছাকাছি। এই হিসাব ওঠে এসেছে আমদানি আর খুচরা বিক্রয়ের তথ্যে।

 

প্রথমে সরকারি হিসাব দেওয়া যাক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, গত অর্থবছর আপেল আমদানি হয়েছে ১৬ কোটি ১৪ লাখ কেজি আর মাল্টা আমদানি হয়েছে ১৬ কোটি ৮৬ লাখ কেজি। সব মিলিয়ে বিদেশি ফল দুটি আমদানি হয়েছে ৩৩ কোটি কেজি।

 

এই হিসাব অনুযায়ী, মাথাপিছু ফল দুটির ভোগ হলো ১ কেজি ৮৭৮ গ্রাম। তাতে বিদেশি ফল দুটি কিনতে গড়ে একজন মানুষ ৫৬২ টাকা খরচ করেছেন। পরিবার হিসাব করা হলে বছরে ফল দুটির পেছনে ব্যয় দাঁড়ায় ২ হাজার ৪৩০ টাকা। পরিবারপ্রতি বছরে ফল দুটির ভোগ আট কেজি।

 

খুচরা বাজারে গত বছর ফল দুটির দর ওঠানামা করেছে। তবুও খুচরা বিক্রেতা ও পত্রিকায় প্রকাশিত ফলের দরদামের হিসাব করে এক বছরে গড় দামের চিত্র পাওয়া যায়। এই চিত্র অনুযায়ী, গত বছর প্রতি কেজি সাধারণ আপেল বিক্রি হয়েছে গড়ে ৩০০ থেকে ৩২০ টাকায়। দক্ষিণ আফ্রিকার রয়েল গালা নামের আপেল বিক্রি হয়েছে ৩৪০ থেকে ৩৮০ টাকায়। মাল্টা বিক্রি হয়েছে কমবেশি ২৮০ টাকায়। ভালো মানের আপেল ও মাল্টার দাম আরও বেশি। চট্টগ্রামের হালিশহরের ফল বিক্রেতা মোহাম্মদ সাইফুলের সঙ্গে কথা বলেও জানা গেল গত অর্থবছরজুড়ে গড়ে এই দরেই বিক্রি হয়েছে ফল দুটি।

 

আমদানি ও খুচরা মূল্যের হিসাবে, গত বছর আপেল খেতে ক্রেতাদের খরচ হয়েছে প্রায় ৫ হাজার ২৪৬ কোটি টাকা। আপেলের চেয়ে কিছুটা কম খরচ হয়েছে মাল্টায়। মাল্টার জন্য ক্রেতাদের খরচ ৪ হাজার ৭২৫ কোটি টাকা। সব মিলিয়ে গত বছরের গড় খুচরা দামে তা দাঁড়ায় ৯ হাজার ৯৬৭ কোটি টাকা।

 

আপেল-মাল্টায় আপনার খরচ কত

আপেল-মাল্টার দাম আগের তুলনায় বেড়েছে। আমদানিও ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে কিছুটা অর্থাৎ ৪ শতাংশ কমেছে। ক্রয়ক্ষমতা থাকায় যেমন অনেকের এই ফল দুটি কেনার সামর্থ্য রয়েছে, তেমনি অনেকের সামর্থ্য না থাকায় হয়তো খাওয়া হয়নি। তবু বাংলাদেশের একজন মানুষ গত বছরে গড়ে কত কেজি আপেল ও মাল্টা খেয়েছেন এবং এর পেছনে কত টাকা ব্যয় করেছেন, তার একটা হিসাব পাওয়া যায়।

 

হিসাবটা করা যাক। জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ। আর ২০২২ সালের জনগণনায় পরিবারের সংখ্যা ছিল ৪ কোটি ১০ লাখ ১০ হাজার ৫১।

 

এই হিসাব অনুযায়ী, মাথাপিছু ফল দুটির ভোগ হলো ১ কেজি ৮৭৮ গ্রাম। তাতে বিদেশি ফল দুটি কিনতে গড়ে একজন মানুষ ৫৬২ টাকা খরচ করেছেন। পরিবার হিসাব করা হলে বছরে ফল দুটির পেছনে ব্যয় দাঁড়ায় ২ হাজার ৪৩০ টাকা। পরিবারপ্রতি বছরে ফল দুটির ভোগ আট কেজি।

 

গড় হিসাবের মানে দাঁড়ায়, আপনি হয়তো এই হিসাবের বেশি খেয়েছেন আপেল-মাল্টা। আবার হতে পারে এর চেয়ে কম, কিংবা একটি আপেলের স্বাদও নেননি। আপনার আপেলের স্বাদ নিয়েছেন গড় হিসেবের চেয়ে বেশি খেয়ে থাকা অন্য কেউ।