একসময় শামীম হাসান সরকারের মারধরের একটি ঘটনাকে ইঙ্গিতপূর্ণভাবে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছিলেন গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আজ সময়ের ফেরে সেই তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ও রিমান্ডে। এমন সময় তাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নাট্যাভিনেতা শামীম। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘অন্যের বিপদে আনন্দ পাই না, তবে উপলব্ধি আসে।’
মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে শামীম যেন তৌহিদ আফ্রিদিকেই ইঙ্গিত করে বললেন, ‘অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না। সে যেই হোক! তবে যার সাথে ঘটে, তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ সে তখন বন্ধু, চামচা, শত্রু সবাইকে চিনে ফেলে। ভবিষ্যতে তাদের হাতে আর প্রতারিত বা খুন হবে না।’
এসময় তিনি তৌহিদকে পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে পারলে সফল হওয়া অসম্ভব কিছু না। সত্যি বলছি, অন্যের বিপদে পড়ে আমি খুশি হই না!’
শামীম তার লেখায় জীবনের বাস্তবতা এবং কর্মফল নিয়েও কথা বলেন, ‘সবাই সবার কর্মফল ভোগ করবে। আমিও করি, আপনিও করেন, সবাই করে। এতে অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। ইহকাল এতটাই ছোট, যেখানে অন্যের দিকে তাকানোর সময়ও থাকে না।’
তিনি আরও বলেন, ‘মালাকুল মউতের চেহারা আপনার সামনে কেমন হবে, এটা ভেবে দেখেছেন? আমি ভেবেছি।’
মিথ্যা অভিযোগের শিকার হওয়া প্রসঙ্গ টেনে শামীম বলেন, ‘অকারণে মিথ্যা অভিযোগে আমার চেয়ে বিপদে মিডিয়ার আর কোনো টেলিভিশন অভিনেতা পড়েনি। আমি চলতে শিখেছি, আপনিও শিখে ফেলুন! আল্লাহই একমাত্র ভরসা।’
পূর্বের ঘটনা-
কয়েক মাস আগে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগে চরম বিতর্কে পড়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট নির্মাতা শামীম হাসান সরকার। ঘটনার সত্যতা প্রমাণিত না হলেও, সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বর্তমানে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৫ দিনের রিমান্ডে থাকা তৌহিদ আফ্রিদির একটি ভিডিও তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শামীমের বিষয়টিকে সামনে আনা হয়। এবার তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার হওয়ায় ইঙ্গিতপূর্ণ হলেও শামীম বুঝিয়ে দিলেন ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’।
উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে। জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই রিমান্ড আদেশ দিয়েছেন।